XPRESS TRIPURA,ধর্মনগর প্রতিনিধি:
ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকার কাণ্ডে দীর্ঘদিন ধরে চলা তীব্র আন্দোলন ও লাগাতার জনচাপের পর অবশেষে গ্রেফতার করা হলো মূল তিন অভিযুক্তকে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য।
সূত্রের খবর, অভিযুক্ত তিনজনকে আসামের শ্রীভুমি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল বলে জানা যায়। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, প্রসেনজিৎ সরকারের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ধর্মনগর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়। স্থানীয় বাসিন্দা, যুবসমাজ এবং বিভিন্ন সংগঠন অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে একটানা আন্দোলনে সামিল ছিলেন।
এই গ্রেফতারের খবরে আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরলেও, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখনও জোরালো। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং শীঘ্রই তাদের আদালতে পেশ করা হবে। তবে এখনও আরও দু’জন অভিযুক্ত পলাতক থাকায়, কবে তাদের গ্রেফতার করা হবে—সেদিকেই এখন জনতার কড়া নজর।

