Xpress Tripura প্রতিনিধি, ২২ ডিসেম্বর।।

ধর্মনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আগরতলায় ফের ডেলিভারি বয় নিগ্রহের অভিযোগ সামনে এল। এয়ারপোর্ট রোডস্থিত নারায়ণপুর বাজার এলাকায় এক ডেলিভারি বয়কে প্রকাশ্যে জুতোপেটা ও মারধর করার অভিযোগ উঠেছে এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। আক্রান্ত ডেলিভারি বয়ের নাম রুপম সাহা। অভিযোগ অনুযায়ী, ওই জওয়ানের একটি পার্সেল ডেলিভারি দিতে গিয়েছিলেন রুপম। পার্সেল পৌঁছে দেওয়ার সময় ঠিকানা নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই অভিযুক্ত সিআইএসএফ জওয়ান ডেলিভারি বয়কে ডেকে এনে মারধর করেন এবং জুতো দিয়ে আঘাত করেন। পাশাপাশি বিশ্রী ভাষায় গালমন্দও করা হয় বলে অভিযোগ। ঘটনার পর আহত ডেলিভারি বয় এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত জওয়ানকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ধর্মনগরের ঘটনার পর ফের আগরতলায় ডেলিভারি বয় নিগ্রহের ঘটনায় জোরালো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহরজুড়ে।

