ধর্মনগর, ৭ এপ্রিল | এক্সপ্রেস ত্রিপুরা প্রতিনিধি:ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার পর্বের আজ আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার চালায়। নির্ধারিত সময় পেরোতেই সরব প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়।আগামী বৃহস্পতিবার এই কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।এদিকে, নির্বাচনী প্রচারের শেষ দিনে রাজনৈতিক উত্তাপও ছিল চোখে পড়ার মতো। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের প্রচার গাড়ি বিজেপি প্রার্থীর সমর্থকরা আটকে দিয়েছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। অভিযোগ সত্ত্বেও কংগ্রেস তাদের প্রচার অব্যাহত রাখে।এই উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং আমরা বাঙ্গালী দল। এখন সকলের নজর ভোটের দিনের দিকে। শেষ পর্যন্ত জনতার রায়েই নির্ধারিত হবে এই আসনের ভবিষ্যৎ।

