কল্যাণপুর, ৭ এপ্রিল (নিজস্ব প্রতিনিধি):এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়ছে। এরই মধ্যে মঙ্গলবার কল্যাণপুর থানার অন্তর্গত মেরেঙ বাজার এলাকায় মুখ্যমন্ত্রীর সভার আগে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, এদিন বিজেপি দলের একটি কর্মসূচিতে যোগ দিতে কর্মী-সমর্থকরা মেরেঙ বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই বিপরীত দিক থেকে ২-৩টি গাড়ি এসে তাদের পথ আটকে দেয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই পরপর তিন রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি।ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থল থেকে সকলেই দ্রুত সরে যান বলে জানা গেছে।এদিকে, এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়নি বা স্পষ্ট প্রতিক্রিয়াও সামনে আসেনি।অসমর্থিত সূত্রের খবর, গুলি চালনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। উল্লেখ্য, এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ ও উত্তেজনার খবর সামনে আসছে প্রায় প্রতিদিনই।পর্যবেক্ষকদের মতে, এই ধরনের ঘটনা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক তৎপরতা নিয়েও উঠছে নানা প্রশ্ন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

