Xpress Tripura, নয়ডা: শহরে জনসাধারণের ব্যবহারের রাস্তাকে সাজিয়ে তোলার পাশাপাশি সবুজে মোড়া এলাকা আরও বাড়াতে তৎপর হল নয়ডা কর্তৃপক্ষ। সেক্টর ১৪, কালিন্দী কুঞ্জ এবং তার কাছাকাছি আরও এলাকা পরিদর্শনের পরে এই বিষয়ে পদক্ষেপ নিতে আধিকারিকদের নির্দেশ দেন নয়ডা কর্তৃপক্ষের চিফ এগজিকিউটিভ অফিসার লোকেশ এম, এমনই জানিয়েছেন এক আধিকারিক। রাস্তায় যাত্রীরা, বিশেষ করে পথচারীরা যাতে আরও ভালভাবে হাঁটাচলা করতে পারেন সেজন্যই পুর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রশাসন। আবার রাস্তার আশপাশের এলাকাকে সাজিয়ে তোলার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। কালিন্দী কুঞ্জে প্রবেশপথে রাস্তার দু’পাশে রংবেরংয়ের চিত্র তৈরির জন্য নির্দেশ দিয়েছেন সিইও। ‘কালিন্দী কুঞ্জ এবং নয়ডা গেটে ঘন গাছের কারণে অনেকসময় যানজটের সমস্যা হয়, সেই সমস্যা কাটাতে কিছু ডালপালা হেঁটে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। রাতের দিকে এই রাস্তায় খুব কম আলো রয়েছে, ফলে, এখানে এবার হাই-মাস্ট অথবা এলইডি স্ট্রিটলাইট বসানোর প্রয়োজন, যাতায়াতের সুবিধার জন্য এটা একান্তভাবে প্রয়োজন হয়ে পড়েছে’, বললেন লোকেশ এম। এখানে বিভিন্ন জায়গায় অননুমোদিতভাবে ইউনিপোলস, হোর্ডিং, বোর্ড, কিয়স্ক এবং অনেক জায়গায় আবার স্তূপ করে বর্জ্য ফেলা রয়েছে, সেগুলি দ্রুত সরিয়ে ফেলার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন।

