ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুষ্কৃতীদের হাতে একটি মসজিদে আগুন লাগানো হয় বলে অভিযোগ। পাশাপাশি এলাকায় একাধিক দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে।
সাম্প্রদায়িক হিংসার এই ঘটনায় সাধারণ মানুষের বাড়িঘর, যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীও সক্রিয়ভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

