একঝাঁক নারীর সঙ্গে ট্রাম্পের ছবি
তুমুল প্রতিবাদের মুখে পড়ে ২৪ ঘণ্টার মধ্যেই ডিগবাজি খেল মার্কিন বিচার বিভাগ। আমেরিকার অন্যতম কুখ্যাত যৌন কেলেঙ্কারির তদন্তের ফাইল থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সরিয়ে দেওয়া হয়েছিল। তবে চাপে পড়ে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্টের ছবি আবারও তদন্তের ফাইলের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে নিজের যোগাযোগ বরাবরই অস্বীকার করার চেষ্টা করেছেন ট্রাম্প।
শনিবার এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত হাজার হাজার পাতার নথি প্রকাশ করে মার্কিন ন্যায় বিভাগ। সেখানে বারংবার উল্লেখিত হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম। ছবিও দেখা গিয়েছে। যে সব ছবি প্রকাশ্যে আনা হয়েছে তার মধ্যে একটিতে তরুণ বিল ক্লিন্টনকে হট টাবে আয়েশ করতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে সাঁতার কাটছেন ক্লিন্টন। মনে করা হচ্ছে ওই মহিলা এপস্টেইনের প্রেমিকা ম্যাক্সওয়েল। আরেকটি ছবিতে ক্লিন্টনের সঙ্গে দেখা গিয়েছে কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনকেও। তাঁদের পাশেই রয়েছেন গায়িকা ডায়না রস।

