এক্সপ্রেস ত্রিপুরা প্রতিনিধি, ১৭জানুয়ারী ।। কি অবাক কাণ্ড। বিচারালয়ের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে নাকি নিয়মিত মদ্যপান করে অফিসে আসছেন এক শীর্ষ আধিকারিক এমনই গুরুতর অভিযোগকে কেন্দ্র করে পশ্চিম জেলা ভোক্তা আদালতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন আদালতের একাধিক কর্মচারী।
সম্পূর্ণ সংবাদ দেখতে লিংকে ক্লিক করুন
https://www.facebook.com/share/v/16gE67GuDs/তার অপসারণের দাবিতে সরব হয়েছেন আইনজীবীদের একাংশও। অভিযোগ, প্রেসিডেন্ট গৌতম সরকার নাকি প্রতিদিন মদ্যপান করে অফিসে উপস্থিত হন এবং কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কর্মীদের দাবি, এই আচরণের ফলে অফিসের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং কর্মপরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালতের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানে এই ধরনের আচরণ অতান্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক বলে মত বিভিন্ন মহলের। আরও অভিযোগ উঠেছে, এই পরিস্থিতিতে মহিলা কর্মী ও মহিলা আইনজীবীরা নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে ভুগছেন। তাদের দাবি, অফিসে কাজ করার সময় মানসিক চাপ ও অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আইনজীবীদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই ধরনের অনিয়ম ও অসদাচরণ চলে আসছে, কিন্তু এতদিন তা প্রকাশ্যে আসেনি। এবার কর্মচারীরা মুখ খুলতেই বিষয়টি সামনে এসেছে। আদালতের পরিবেশ ও বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার স্বার্থে অবিলম্বে যথাযথ তদন্ত ও কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন ও ক্ষোভ বাড়ছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। আদৌ কি তদন্ত শুরু হবে, নাকি বিষয়টি ধামাচাপা পড়ে যাবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ

