রাজ্যের রাজপরিবারের সন্তান তথা তিপ্রা মথার কর্ণধার মহারাজ প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মাকে কেন্দ্র করে এক কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠল ধলাই জেলার ছৈলেংটা এলাকা। এক যুবকের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিপ্লাইকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র ক্ষোভ।
বিস্তারিত দেখতে লিংকে ক্লিক করুন…….
https://www.facebook.com/share/v/1CrumZVatQ/
ঘটনার বিবরণে জানাগেছে, ছৈলেংটা এলাকার তিপ্রা মথার এক সক্রিয় কর্মী রাজীব সরকার মহরাজের একটি ভিডিও নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেছিলেন। অভিযোগ, সেই ভিডিও দেখে জনৈক দেবু সূত্রধর (পিতা- রাকেশ সূত্রধর) নামক এক যুবক অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় মহারাজকে গালাগাল করেন এবং আপত্তিকর মন্তব্য করেন।মুহূর্তের মধ্যে এই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রাজপরিবারের সদস্য তথা জনজাতি হৃদস্পন্দন মহারাজ প্রদ্যোত কিশোরের প্রতি এমন অবমাননাকর শব্দ ব্যবহারে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তিপ্রা মথা কর্মী ও সাধারণ মানুষ।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ছৈলেংটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও শ্রদ্ধার মূলে আঘাত করেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন তিপ্রা মথার কর্মী-সমর্থকরা। জনজাতি আবেগ ও মহারাজের প্রতি এই অপমানের বদলা হিসেবে এলাকায় ব্যাপক বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে।
এখন দেখার, পুলিশ প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে।

