তৃণমূল ছেড়ে পুরনো দলে
ওয়াপসি হওয়ার পর মৌসম বলেন, প্রায় ৬ বছর পরে ঘরে ফিরে এসেছি। আমরা কংগ্রেসের পরিবারের মানুষ। কিছুদিন তৃণমূলে ছিলাম।
বিধানসভা ভোটের মুখে ঘর ওয়াপসি। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ, ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন।

সূত্রের খবর, টিকিট না পাওয়ায় অনেক দিন ধরেই দলের উপরে একটা ক্ষোভ ছিল মৌসমের। লোকসভাতেও আশাবাদী ছিলেন টিকিট পাবেন। কিন্তু তাও হয়নি। পাশাপাশি জেলা নেতাদের সঙ্গে মতপার্থক্য তৈরি হচ্ছিল। এমনই একটা পরিস্থিতিতে দল ছাড়লেন মৌসম।

ওই অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরীকে পাশে বসিয়ে শুভঙ্কর সরকার বলেন, যিনি আজ কংগ্রেস জয়েন করলেন তিনি আমাদের পরিবারের সদস্যই ছিলেন। তিনি ফিরলেন। আজ যে বাংলায় কঠিন লড়াই বাংলায় চলছে, বিশেষ করে ধর্মকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করার চেষ্টা চলছে । বিজেপি ওখানে সরকার বানাতে চায় না। একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায়। তৃণমূল বাংলার মানুষের জন্য কোনও ভালো বার্তা দিচ্ছে না। এই অবস্থায় যুব কংগ্রেস করা লড়াকু এই নেতার কংগ্রেসে আসা নিশ্চিতভাবে কংগ্রেসকে শক্তিশালী করবে। এটা শুধুই একটা ট্রেলার। আমরা জানালা খুলে রেখেছিলাম, এবার দরজা খুলে দিলাম।

